এম এইচ শাহীন, গাজীপুর: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল শেষে তিনটি রেস্টুরেন্ট ও একটি দোকানে ইসরায়েলি পণ্য থাকায় হামলা- ভাঙচুর করেছে উশৃংখল জনতা। এসময় সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গতকাল চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপ-কমিশনার হাফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন: নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান (অনিক) (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপ- কমিশনার হাফিজুল ইসলাম জানান, গতকাল দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।