গাজীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ঘেরাও, এজিএম অবরুদ্ধ

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি: ঘনঘন লোডশে‌ডিংয়ে অতিষ্ঠ হয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাপাসিয়া আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয়রা জেলার কাপাসিয়া পুরাতন বাসস্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ জোনাল অফিস এর এজিএম রিফাত ভুইয়াকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা। এর আগে গত সপ্তাহে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে চার শতাধিক মানুষ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা বলেন, ঘনঘন লোড‌শে‌ডিং, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, বিদ্যুৎ বিলের অস্থিতিশীলতা, বিদ্যুৎ অফিসের কর্মচারীদের দুর্ব্যবহারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ ঘটনায় জানা যায়, গতকাল বুধবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অন্তত ১০ বার ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বিক্ষোভকারীদের একজন স্থানীয় বাসিন্দা তারেক মিয়া। তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না কাপাসিয়ার মানুষ।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আনিছুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। কিছু লোকজন পল্লী বিদ্যুৎ অফিস এর সামনে বিক্ষোভ করছে। পরিস্থিতিস্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রুহল আমিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় গ্রাহক চাহিদা ২২ মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ কমে যাওয়ায় কাপাসিয়া উপজেলায় সাত মেগাওয়াট সরবরাহ করতে হচ্ছে। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে অফিস ঘেরাও করেছে। এজিএম অবরুদ্ধ হয়ে আছেন। আমি দাপ্তরিক কাজে রাজেন্দ্রপুর এসেছি।

এই বিভাগের আরো খবর