মেহেদী হাসানন, খুলনা :
আবারও রঙিন হয়ে উঠছে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা। খুলনা মহানগরীর দেয়ালে ও পিলারে রঙে রঙে নতুন দিনের বার্তা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আঁকা হচ্ছে গ্রাফিতি। আন্দোলনে ভেঙ্গে পড়া সব অবকাঠামোকে নতুন রূপ দিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন অনেকেই।
১১ আগস্ট রবিবার দুপুরে নগরীর শিববাড়ি এলাকায় রং তুলির আঁচড়ে রাঙিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের করা রং তুলির আঁচড়ে রাঙিয়ে দেওয়ায় চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা, অন্য হাতে তুলি। শরীর বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবু, চোখে-মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। দেখা গেছে, অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নিল, হলুদসহ নানা রঙে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি। তাদের সাহায্য করছেন অন্য শিক্ষার্থীরা।
এরআগে গতসোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর বিজয় উৎসবের সময়ও খুলনার বিভিন্ন এলাকার স্থাপনা আক্রান্ত হয়। মঙ্গলবার থেকে আক্রান্ত স্থান পরিষ্কারসহ শ্রীবৃদ্ধি করার পাশাপাশি রঙীন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। যার পরিপ্রেক্ষিতে এসব দেয়াল ও স্থাপনায় রঙ করছেন শিক্ষার্থীরা।