ঘূর্ণিঝড় রেমালের প্রভাব:

রাজধানীতে বিরতিহীন বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি অব্যাহত আছে। সঙ্গে রয়েছে দমকা হাওয়া। বিরতিহীন বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। মূল সড়কসহ রাজধানীর অনেক অলিগলিতে জমে গেছে হাঁটু সমান পানি। বিভিন্ন এলাকা জলাবদ্ধ হওয়ার ফলে যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে। সোমবার ভোরের দিক থেকে বৃষ্টির দাপট বাড়তে থাকে। এখন পর্যন্ত বৃষ্টি অব্যহত রয়েছে। ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। আজ দিনভর বৃষ্টি চলতে পারে।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে বিজয়নগর মোড়, নয়া পল্টন, রাজারবাগ, শান্তি নগর, শাহজাহানপুর, মালিবাগ, বংশাল, ধোলাইখাল, নিউমার্কেটসহ বেশ কয়েকটি এলাকার মূল সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
কাজের প্রয়োজনে বাইরে বের হয়েই নাকাল হতে হয় কর্মজীবীদের। খেটে খাওয়া মানুষরাও বিপাকে পড়েন। তবে গত কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর প্রকৃতি কিছুটা শীতল হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। তবে বৃষ্টির সঙ্গে চারদিক থেকে দমকা বাতাশ এবং জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এই বিভাগের আরো খবর