নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠানো হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পেলে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক হেলথ ইনডেস্ক অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক একটি প্রতিবেদন করেছে। ২০২৩ সালের জুন থেকে অর্ধবার্ষিক আর্থিক কর্মক্ষমতার ভিত্তিতে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যাংকের স্বাস্থ্য সূচক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগ।
স্বাস্থ্য সূচক হিসেবে তৈরি করা ৫৪টি ব্যাংকের মধ্যে ১২টির অবস্থা খুবই খারাপ, যার ৯টি ইতোমধ্যে রেড জোনে চলে গেছে। তার মধ্যে একটি হলো পদ্মা ব্যাংক। ইয়েলো জোনে আছে ২৯টি ব্যাংক। এর মধ্যে তিনটি ব্যাংক রেড জোনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। মাত্র ১৬টি ব্যাংক গ্রিন জোনে স্থান পেয়েছে। এর মধ্যে ৮টি বিদেশি ও ৮টি দেশি ব্যাংক রয়েছে।