খেলাধুলা ডেস্ক: মিরপুর টেস্টের ভাগ্যটা তেমন ভালো না। প্রথম দিন নির্বিঘ্নে খেলা হলেও দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিন খেলা হলেও নির্ধারিত সময়ের আগে আলোস্বল্পতায় খেলা বন্ধ করে দেন দুই আম্পায়ার।
শনিবার (৯ ডিসেম্বর) চতুর্থ দিন দ্রুত সবগুলো উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে নামেমাত্র লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ঢাকা টেস্টের চতুর্থ দিনে স্পিনারদের দাপট প্রচণ্ড বেড়েছে। শান্তদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছেন দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনার। মিরপুরের পিচ, দুই কিউই পেসারের দক্ষতা আর সেইসঙ্গে বাংলাদেশি ব্যাটারদের ক্রমাগত ভুল, তিনে মিলে ২য় ইনিংসে বলতে গেলে ভরাডুবিই হয়েছে বাংলাদেশের।
চতুর্থ দিনে বাংলাদেশ নিজেদের প্রত্যাশিত রানটা পেয়ে গিয়েছে এমন বলা চলে না। সবকটি উইকেট হারিয়ে করেছে ১৪৪ রান। ঢাকা টেস্ট জিততে কিউইদের লক্ষ্য ১৩৭। পিচের অবস্থা আর টাইগার স্পিনারদের সুবাদে এতে খানিক আশা নিশ্চিতভাবেই দেখতে চাইবেন টাইগার ভক্তরা।