নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই।
বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাহ কুক (বৃটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।
সরকার সংলাপের উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানাব। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপি সংলাপ চায় না, সহিংসতা চায়। কারণ, জনগণ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা (বিএনপি) চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। ২৮ অক্টোবর সেটি প্রমাণ করেছে বিএনপি।
বিএনপির অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, তাদের অবরোধেও অফিস-আদালত চলছে, গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে, সবই স্বাভাবিক। দু-একটি স্থানে গাড়ি পোড়ানোসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
মন্ত্রী বলেন, অবরোধ আন্দোলনের নামে যেখানেই তারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানেই ব্যবস্থা নেবে।