অনলাইন ডেস্ক:
ঢাকার খেলায় মির্জা ফখরুলরা অপশক্তি নিয়ে ফাউল করা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, কবে খেলা? আজ চট্টগ্রামে খেলা। ঢাকায়ও খেলা হচ্ছে। সব রেডি। ঢাকায় ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছেন। লাঠিসোঁটা নিয়ে, রড নিয়ে তাঁরা মাঠে নেমেছেন। চালের বস্তা, আটার বস্তা, ডালের বস্তা নিয়ে তাঁরা ৭ নভেম্বর পর্যন্ত ঢাকা থাকার ঘোষণা দিয়েছেন। তাঁরা ফাউল করছেন। তাই লাল কার্ড দেখাতে হবে। তাঁদের সঙ্গে কোনো আপস নয়।’
দুপুর ১.৩০টার দিকে ওবায়দুল কাদের বক্তব্য দেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। তারা অর্থ পাচারকারী। অর্থ পাচারের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়াটার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। বিজয়কে আরও সংহত করতে হবে। নেপোলিয়ন বলেছিলেন, বিজয় করেছি সুসংহত করতে পারিনি। আমাদের বিজয় সুসংহত করতে হবে। বঙ্গবন্ধু বিজয় দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শক্তি আমাদের বিজয়ের মুকুট ছিনতাই করে নিয়ে গেছে, অবোধ নারী-শিশুকে হত্যা করেছে। ইনডেমনিটি জারি করে জিয়াউর রহমান এ হত্যার বিচার বন্ধ করে দিয়েছেন। হত্যাকারীদের অব্যাহতি দিয়েছেন। জিয়াউর রহমান ১৫ আগস্টের আসল খুনি। জেল হত্যার আসল খুনি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক।
সেতুমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় যা হয়নি, বাংলাদেশের চট্টগ্রামে তা হয়েছে। এই টানেল বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। যত দিন টানেল থাকবে, তত দিন শেখ হাসিনার স্মৃতি চট্টগ্রামের মানুষ মনে রাখবে।