সময়ের চিত্র ডেস্ক:
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও প্রভাব রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নব্বইয়ের স্বৈরাচারীরা পরবর্তী ১৭ বছর ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে ৭ নভেম্বর কিংবা নব্বইয়ের গণ-অভ্যুত্থানের ইতিহাস আলাদা করার সুযোগ নেই। স্বৈরশাসক এরশাদের পতন ঘটাতে ডা. মিলনের আত্মত্যাগ ও আন্দোলন-সংগ্রাম দেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। কেউ চাইলেও এসব ঐতিহাসিক ঘটনা মুছে ফেলতে পারবে না।
রিজভীর ভাষ্য, ১৯৭১, ৭ নভেম্বর, ১৯৯০ এবং জুলাইয়ের গণ-আন্দোলন—প্রতিটি ঘটনাই বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক চেতনাকে প্রভাবিত করেছে। নব্বইয়ের আন্দোলন থেকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং জনগণের শাসন প্রতিষ্ঠার যে শিক্ষা পাওয়া গেছে, তা পরবর্তী আন্দোলনেও প্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা পরবর্তী ৩৬ বছরের রাজনৈতিক সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার শাসনের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ ছিল একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা। ছাত্রসমাজ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।