গোপালগঞ্জে বিকাশ-নগদের প্রায় ২ লাখ অ্যাকাউন্ট স্থগিত, বিপাকে গ্রাহক

সময়ের চিত্র ডেস্ক:

গোপালগঞ্জে বিকাশ ও নগদের দুই লাখ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। হঠাৎ করে অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ব্যক্তিগত প্রয়োজন, চিকিৎসা ব্যয়, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের অর্থ লেনদেনে সমস্যায় পড়ছেন অনেকে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত থেকে গ্রাহকদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টের কার্যক্রম স্থগিত করা শুরু হয়। বৃহস্পতিবারও এ কার্যক্রম অব্যাহত ছিল। বিকাশের পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এমএফএস বিধিমালা অনুসারে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলেও বার্তায় উল্লেখ করা হয়।

 

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা বা চাহিদার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেক গ্রাহকের হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আটকে রয়েছে। ফলে তাঁরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন কিংবা অন্য কারও কাছে পাঠাতে পারছেন না। জরুরি চিকিৎসা ব্যয় মেটানোসহ বিভিন্ন প্রয়োজনে টাকা লেনদেন করতে না পেরে এজেন্ট পয়েন্টে গিয়েও ফিরে আসতে হচ্ছে অনেককে।

 

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস জানান, মাসের শেষ দিকে সংসার চালানোর জন্য তাঁর হাতে পর্যাপ্ত নগদ টাকা ছিল না। বিকাশ অ্যাকাউন্টে থাকা সাড়ে পাঁচ হাজার টাকা ব্যবহার করতে না পেরে ধারদেনা করে প্রয়োজনীয় বাজার করতে হয়েছে তাঁকে।

 

শহরের পাওয়ার হাউজ মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, বোরো চাষের মৌসুম শুরু হওয়ায় ধানের বীজ কেনার জন্য বাবার কাছে সাত হাজার টাকা পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কৃষিকাজে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

 

তামান্না পারভীন নামের আরেক গ্রাহক জানান, তাঁর ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ছেলের কাছে প্রয়োজনীয় টাকা পাঠাতে পারছেন না তিনি।

 

এ বিষয়ে বিকাশের স্থানীয় এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। তবে কিছু অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। যেসব অ্যাকাউন্টে ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হয়, সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে কিছু অ্যাকাউন্টে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

 

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যৌক্তিক। তবে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।

এই বিভাগের আরো খবর