সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক

সময়ের চিত্র ডেস্ক:

শারীরিক অসুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য জাতীয় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের শারীরিক অবস্থার পাশাপাশি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে না পারার আক্ষেপের কথা তুলে ধরেছেন।

 

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন তিনি। এ পরিস্থিতিতে নিজের স্বাস্থ্য পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর জন্য সহজ ছিল না; বরং এটি অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক।

 

সংসদীয় সূত্রের তথ্য অনুযায়ী, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদের বিধান অনুসরণ করে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। গত ১৪ নভেম্বর পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পাঠানো হয়। পরদিন ১৫ নভেম্বর সেটি স্পিকারের হাতে পৌঁছায় বলে সংসদে জানানো হয়।

 

পদত্যাগপত্রে কিশোরগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, ওই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। তাঁর পদত্যাগে সংসদ সদস্য ও এলাকার মানুষ হতাশ হবেন না বলে তিনি আশা প্রকাশ করেন। দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য স্পিকারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

 

তবে পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা রয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, সরকার গঠনের পর মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অভিমান থেকেও পদত্যাগের সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।

 

কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন।

 

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. ওসমান ফারুক।

এই বিভাগের আরো খবর