মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় দেন।সাজাপ্রাপ্ত শহিদুল মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রিফুজিপাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, শহিদুল ইসলাম তার পূর্বের ৪টি বিবাহের কথা গোপন রেখে প্রায় ২৪ বছর পূর্বে সাহেবপুর গ্রামের তহমিনা খাতুনকে বিবাহ করেন। বিয়ের সময় নগদ ২ লক্ষ টাকা, এবং ১টি গরু যৌতুক হিসাবে গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তাদের ৩টি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। পরে শহিদুল পরকীয়া প্রেমের সূত্র ধরে আনোয়ারা খাতুন নামের আরো এক মহিলাকে বিয়ে করেন।পরে শহিদুল তার অন্য স্ত্রীদের প্ররোচনায় তাহমিনা খাতুনকে তালাক দিয়ে মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনার পর বিষয়টি মীমাংসা করার নাম করে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে শহিদুল তার বাড়িতে নিয়ে আসেন। একই সালের ১৫ মার্চ তহমিনার উপর অমানবিক নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে তহমিনা পালিয়ে যায়। সেখান থেকে তহমিনাকে ধরে এনে তার স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরােধ করে হত্যা করে সে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। এ ঘটনা তহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার অভিযোগ পত্র নং- ১০০। মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুব্রত কুমার পাল তদন্ত করেন। ওই সময় শহিদুলকে আটক করা হয়। পরে মামলাটি সিআইডিকে তদন্ত দেওয়া হয়। সিআইডির উপ-পরিদর্শক আনোয়ার জাহিদ মামলার তদন্ত করেন এবং ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করেন। ময়না তদন্ত রিপোর্ট খুন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শহিদুল ইসলাম ও আনোয়ার খাতুনের বিরুদ্ধে ২০১৯ সালের ২ নভেম্বর চার্জশিট দাখিল করেন। পরে মুজিবনগর থানার অভিযোগপত্র মামলাটি ৩০২/২০১/৩৪ প্যানেল কোড ধারার অপরাধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। মামলায় সাক্ষীদের সাক্ষে আসামি শহিদুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদয়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলার অপর আসামি আনোয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর কালার দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক ও সিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন কৌশলী ছিলেন।