সময়ের চিত্র ডেস্ক:
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জনের শরীরে সন্দেহজনক হাম বা এ রোগের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও এ রোগের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ২৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১২ হাজার ৪০২ জন।