সময়ের চিত্র ডেস্ক:
গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় সমবেত হতে থাকেন। পরে তাঁরা গাবতলা মোড় থেকে মিছিল নিয়ে বিসিক ব্রিজ অতিক্রম করে শহরে প্রবেশ করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন পৌর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান।
এ ছাড়া ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে এবং মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়। সেখান থেকে নেতা-কর্মীরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে লঞ্চঘাট এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালানো হয়। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার লাগানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।
এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস এবং পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। সাঁজোয়া যানটির গায়েও লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়।
এদিকে কর্মসূচির কারণে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের দৃশ্যমান তৎপরতা ছিল সীমিত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। জেলা পুলিশের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আটটার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। শনিবার রাতে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।