সময়ের চিত্র ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা করা হয়। এরপরপরই পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মন্তব্য এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সমর্থনের বিষয় উঠে এসেছে। এ ধরনের আরও কিছু কথোপকথনের তথ্যও এজাহারে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির এক কর্মকর্তা।
এর আগে, গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিনই তার ব্যক্তিগত ও সরকারি কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
চট্টগ্রাম রেঞ্জ অফিসের সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছিল।
জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।
মামলাটি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।