হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সময়ের চিত্র ডেস্ক:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

 

বুলেটিনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন।

 

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৫৮১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৮ জন, সিলেটে ১৭৫ জন, খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

 

অন্যদিকে, একই সময়সীমায় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে ২৪ হাজার ৬১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর