সময়ের চিত্র ডেস্ক:
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংসদের বিরোধী দল। এসব ঘটনায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং সরকারের জবাবদিহি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তাঁরা এসব দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটছে। বাসে অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রনেতার ওপর হামলা এবং বিএনপির কার্যালয়ে হামলার মতো ঘটনাও ঘটেছে। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডের সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থকরা জড়িত।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না। রাজনৈতিক ও সাংবিধানিক ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে। এ অবস্থায় সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রকাশ্যে চলাফেরা এবং দেশত্যাগের সুযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং সরকারের কাছে জবাব চান বিরোধীদলীয় চিফ হুইপ।
পরে বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার একাধিক ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, আর্মি গলফ ক্লাবে ককটেল বিস্ফোরণ, স্পেশাল ব্রাঞ্চের সদর দপ্তরের ফটকে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া সীমান্ত এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর এক সদস্য নিহত হওয়া, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বাহিনীগুলোর কার্যকর তৎপরতা দৃশ্যমান নয়। কয়েকজনকে সাধারণ মানুষ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলেও দাবি করেন তিনি। বিজিবি, পুলিশ, এসআরবি ও এপিবিএনের মতো বাহিনী দায়িত্বে থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা জানতে চান বিরোধীদলীয় নেতা।
ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রজ্ঞাপন জারি করে কোনো সংগঠন নিষিদ্ধ করলেই দায়িত্ব শেষ হয় না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অস্ত্র নিয়ে প্রকাশ্যে কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি গোয়েন্দা সংস্থার পরিচয়ে ফোন করে তাঁকে দল ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফোনটি প্রকৃতপক্ষে কোনো গোয়েন্দা সংস্থা থেকে করা হয়েছে, নাকি ভুয়া পরিচয়ে কেউ ফোন করেছে, তা নিশ্চিত নন বলে জানান তিনি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ফোন নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথাও বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। নাশকতা ও সহিংসতা বন্ধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।