পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারবিরোধী শক্তিগুলো অতীতে জনগণের কাছে পরাজিত হলেও তারা আবারও ষড়যন্ত্রের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে একটি মহল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাশাপাশি মানুষের অধিকার, ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে। জনগণ অতীতে তাদের প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই পরাজিত শক্তি আবারও নানা ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

 

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—যেকোনো পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখা। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন এই বিপ্লবের চেতনা ও ঐক্যের বার্তা অব্যাহত থাকবে।

 

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

 

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।

এই বিভাগের আরো খবর