সময়ের চিত্র ডেস্ক:
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় উভয় ক্ষেত্রেই জনবল বাড়ানো হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানিয়েছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ বা অবস্থান কর্মসূচি চোখে পড়েনি। বরং বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন।
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।