সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইতোমধ্যে এসব আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সফর নিয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরে জানানো হবে।
এদিকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের ইতিবাচক অবস্থানের কথা জানান তিনি। জ্বালানি সংকট মোকাবিলায় অতিরিক্ত সরবরাহের অনুরোধ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি কার্যকর রয়েছে।
অতিরিক্ত ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এই বিভাগের আরো খবর