সময়ের চিত্র ডেস্ক:
তিন দফা দাবির সমর্থনে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংক্ষিপ্ত সময় অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। তাদের সড়ক ছাড়ার পর ধীরে ধীরে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরীক্ষা স্থগিতসহ তাদের দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মিছিলের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
আন্দোলনকারীদের ভাষ্য, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সচিবালয়ের দিকে যাচ্ছেন। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী ভোগান্তির মুখে পড়েছেন। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।
শিক্ষার্থীদের কর্মসূচি শেষ হওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে। এর আগে কর্মসূচির কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।