সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির একটি দৈনিক পত্রিকায় কর্মরত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে ধানমন্ডি এলাকায় অনুষ্ঠিত মিছিল শেষে বক্তব্য ও ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে মাহফুজুর রহমান শিশির বলেন, হামলার ঘটনায় তিনি আহত হয়েছেন এবং বিষয়টিকে দুঃখজনক বলে মনে করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়েও প্রশ্ন তোলেন।
এদিকে, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ সমর্থন করে না দলটি। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।