সময়ের চিত্র ডেস্ক:
দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্ণ হলো আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে দলটি তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করে।
দলের প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় কারাবন্দি থাকা শেখ মুজিবুর রহমানকে দলের যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছিল।
পরবর্তীতে ১৯৫৫ সালে অনুষ্ঠিত কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর দলটির বর্তমান নাম বাংলাদেশ আওয়ামী লীগ রাখা হয়।
দলের ইতিহাসে ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। পরে ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি দল হিসেবে পরিচিত।
বর্তমানে দলটির সাংগঠনিক কার্যক্রম সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ অবস্থায় রয়েছে।