২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

সময়ের চিত্র ডেস্ক:

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশের সমান। চলতি অর্থবছরের বাজেটের তুলনায় এর আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অধিক গুরুত্ব দিতে উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ধীরে ধীরে বাড়ানোর নীতি অনুসরণ করছে সরকার। এর ধারাবাহিকতায় আগামী অর্থবছরে মোট ব্যয়ের ৩৩ দশমিক ৭০ শতাংশ উন্নয়ন খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ।

একইসঙ্গে পরিচালন ব্যয়ের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে মোট ব্যয়ের ৭২ দশমিক ৭৩ শতাংশ পরিচালন খাতে ব্যয় হলেও আগামী অর্থবছরে তা কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

এই বিভাগের আরো খবর