জাহিদ হাসান : অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে একদিনের অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। কর্মসূচিতে সংগঠনের নেতারা সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বশির উল্লাহ আতাহারী এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব হাফেজ মাওলানা মো. ইয়াহিয়া খলিল। হাফেজ মাওলানা মেজবাহ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের মহাসচিব মো. শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি কাজী কবির হোসেন, সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান, বরিশাল জেলা উপদেষ্টা শাহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা হযরত আলীসহ বিভিন্ন জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে ধর্মীয় শিক্ষা বিস্তার ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের স্বার্থে অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ করা প্রয়োজন। তারা দাবি করেন, দীর্ঘ ৪২ বছর ধরে লক্ষাধিক শিক্ষক বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আগামী ১০ জুন ২০২৬-এর মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ১১ জুন জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।