গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাসটিতে থাকা যাত্রীদের সংখ্যা বা হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের ২৫ মার্চ একই দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই ঘটনার পর ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও আজকের দুর্ঘটনার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
উদ্ধার অভিযান শেষ হলে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।