স্টাফ রিপোর্টার:
কাজের ভিসায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কিছু রিক্রুটিং এজেন্সি ও দালালচক্র চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে যুবকদের রাশিয়ায় পাঠায়। পরে সেখানে তাদের প্রতারণার মাধ্যমে যুদ্ধ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, বর্তমানে ওই যুবকদের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা আটকে পড়া বাংলাদেশি যুবকদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে হলো:
আটকে পড়া বাংলাদেশি যুবকদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
অভিযুক্ত দালাল, প্রতারক চক্র ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ।
বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ব্যবস্থা জোরদার করা।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।