সময়ের চিত্র ডেস্ক:
ভারতের পাঞ্জাবি সংগীত অঙ্গনে আলোচিত কণ্ঠশিল্পী ইন্দর কৌর-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ছয় দিন পর লুধিয়ানার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রেমঘটিত বিরোধ এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টিকে কেন্দ্র করে হত্যার অভিযোগ তুলেছে তার পরিবার।
পরিবারের সদস্যদের দাবি, গত ১৩ মে রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
নিহতের ভাই জোটিন্দর সিং জানান, মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখার সঙ্গে একসময় ইন্দর কৌরের সম্পর্ক ছিল। তবে সুখবিন্দর বিবাহিত এবং সন্তানের বাবা—এ তথ্য জানার পর ইন্দর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পাশাপাশি বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।
পরিবারের অভিযোগ, এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের ধারণা, অভিযুক্তরা বিদেশ থেকে এসে অপরাধ সংঘটিত করার পর পুনরায় পালিয়ে যায়।
এ ঘটনায় সুখবিন্দর সিং ও তার সহযোগীর বিরুদ্ধে অপহরণ ও হত্যার মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।
পরিবারের সদস্যদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হয়তো শিল্পীকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
পাঞ্জাবি সংগীত জগতে ইন্দর কৌর ছিলেন পরিচিত এক নাম। ‘আফগান জট্টি’, ‘সোহনা লাগদা’, ‘লানেদারনি’ ও ‘সোনে দি ওয়াং’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। সংগীতের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন এই শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার ব্যাপক জনপ্রিয়তা।
তার আকস্মিক মৃত্যুতে পাঞ্জাবি সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।