নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন নদ-নদী ও জলপথে গত সাত দিনে অভিযান চালিয়ে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত সময়ে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ঘটনাগুলোর মধ্যে ৩টি হত্যা এবং ১১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একই সময়ে নদীপথে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপমৃত্যু, মৎস্য আইন লঙ্ঘন, বেপরোয়া নৌযান চলাচল, বালুমহাল আইন, মাদক, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনের মামলা।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে জেলিযুক্ত চিংড়িও।
এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয়েছে এবং ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।