সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসাদের বাসায় যান।
এ সময় প্রধানমন্ত্রী নিহত রামিসার বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরাও রামিসার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দেন।
এদিকে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতার প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।