ট্রাম্পের মন্তব্যের পরও নিজেদের স্বাধীন রাষ্ট্র দাবি করল তাইওয়ান

সময়ের চিত্র ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই দ্বীপটির সরকার নিজেদের ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছে।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি চীন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যুতে সতর্কবার্তা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । বেইজিং দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে।

এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ান একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা তাইওয়ানের নিরাপত্তা কৌশলের অংশ। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করতেও ভূমিকা রাখছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চান না তাইওয়ান আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করুক। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, এশিয়ায় নতুন সংঘাতে জড়াতেও যুক্তরাষ্ট্র আগ্রহী নয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে শুধু বেইজিং সরকারকে স্বীকৃতি দিলেও, তাইওয়ানের আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে থাকে। তবে সংকট তৈরি হলে ওয়াশিংটন সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করবে কি না, সে বিষয়ে দীর্ঘদিন ধরেই কৌশলগত অস্পষ্টতা বজায় রয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং মনে করেন, দ্বীপটি বাস্তবিক অর্থেই স্বাধীন অবস্থানে রয়েছে। তাই নতুন করে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

অন্যদিকে চীন আবারও জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করেও তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পদক্ষেপ নিতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির আশপাশে সামরিক তৎপরতাও বাড়িয়েছে বেইজিং।

এই বিভাগের আরো খবর