সময়ের চিত্র ডেস্ক:
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত চার শিশুই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার প্রকাশিত হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ২৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৭২ শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৩৫ শিশু। এ ছাড়া হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
একই সময়ে দেশে মোট ৩৯ হাজার ৩২৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ হাজার ২২৫ শিশু।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫ হাজার ২১৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।