সময়ের চিত্র ডেস্ক:
ঢাকা-সিলেট রেলপথে ডাবল রেললাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে সরকার এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরীর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। নগরবাসীকে জলজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, সিলেট অঞ্চলের সড়ক, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের পাশাপাশি খাল খনন কর্মসূচি, কৃষি সহায়তা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নেও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের আগে সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান।