নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা দেশের শিল্প ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হলে শিল্পখাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি মালিক-শ্রমিকের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই বিদেশে তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।