যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী: একজনের মরদেহ উদ্ধার

অন্যজনের খোঁজে তল্লাশি চলছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার আট দিন পর এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস. বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হিশাম আবুঘরবেহ (২৬), যিনি জামিলের রুমমেট ছিলেন।

অন্যদিকে, নিখোঁজ শিক্ষার্থী নাহিদা এস. বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী। তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সকালে সর্বশেষ জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ নিখোঁজের অভিযোগ নথিভুক্ত করে এবং তদন্ত শুরু করে।

এদিকে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জামিল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে নিখোঁজ নাহিদা এস. বৃষ্টির সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর