নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ ভবনসহ দেশের গান গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিআইজি (গোপন শাখা) কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এ সতর্কবার্তা সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পাঠানো হয়।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে সতর্কতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে এবং দেশের সংবেদনশীল স্থাপনাগুলোকে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, সামরিক অবকাঠামো, উপাসনালয় এবং জনসমাগমপূর্ণ বিনোদন কেন্দ্র।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা চালাতে তারা একাধিক কৌশল বিবেচনায় রেখেছে।
এই প্রেক্ষাপটে সম্ভাব্য যেকোনো নাশকতা ঠেকাতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সতর্কবার্তার অনুলিপি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি ইউনিট এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হলেও, যেকোনো সম্ভাব্য সন্ত্রাসী হুমকি মোকাবিলায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে পুলিশ সদর দপ্তর।