নোয়াব নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গণমাধ্যমের স্বাধীনতা ও সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতৃবৃন্দ। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, শিল্পের সংকট ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নোয়াব নেতারা বলেন, সরকার যদি উদার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পথে অগ্রসর হয়, তাহলে সংবাদমাধ্যমও রাষ্ট্রের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে জানান, সরকার সাংবাদিকদের প্রতিপক্ষ নয়; বরং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার নিয়মিত সংলাপের মাধ্যমে কাজ করবে এবং প্রতি তিন মাস অন্তর সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে নোয়াব সভাপতি ও বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা সংবাদপত্র শিল্পের আর্থিক সংকট, বকেয়া বিল, কাগজ আমদানিতে শুল্ক ছাড় এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্প নানা অর্থনৈতিক চাপে রয়েছে, যা টিকে থাকার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

নেতারা আরও বলেন, বর্তমান সময়ে ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারের ঝুঁকি বাড়লেও মূলধারার সংবাদমাধ্যম এখনো জনগণের আস্থার জায়গা হিসেবে টিকে আছে। এ অবস্থায় রাষ্ট্রীয় সহায়তা ও নীতিগত সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে উপস্থিত নোয়াব নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সরকার তাদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা এবং নোয়াবের শীর্ষস্থানীয় সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর