বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বাড়তে পারে বাসভাড়া

সময়ের চিত্র ডেস্ক:

ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর বিষয়ে রোববার বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজধানীর বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রতি কিলোমিটারে প্রায় ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও ব্যয় বিশ্লেষণ সংক্রান্ত নথিতে কমিটির সদস্যরা সই করেননি। ফলে ভাড়ার নতুন হার এখনো চূড়ান্ত হয়নি। বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করে তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি হতে পারে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং দূরপাল্লার বাসে বিভিন্ন খরচ বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়। পরিবহন মালিকদের হিসাবে, জ্বালানি, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি ও করসহ মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের দাবি, নতুন ভাড়া নির্ধারণে এসব বিষয় সমন্বয় করা প্রয়োজন।

অন্যদিকে, যাত্রী অধিকার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে জ্বালানির দাম কমলেও ভাড়া তেমন কমেনি। তাই এবার ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সীমিত পরিমাণে বাড়ানো উচিত।

উল্লেখ্য, ২০২২ সালে ডিজেলের দাম বাড়ার পর বাসভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। পরবর্তীতে জ্বালানির দাম আংশিক কমলেও ভাড়ায় খুব সামান্য সমন্বয় করা হয়। বর্তমানে নগর ও দূরপাল্লার বাসভাড়া আগের নির্ধারিত হারের কাছাকাছিই রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও ভাড়া বৃদ্ধির সম্ভাবনা এখন বেশ জোরালো।

এই বিভাগের আরো খবর