সময়ের চিত্র রিপোর্ট:
রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রাঙ্গণে পিআইবি জার্নালিজম এলামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে পিআইবির সাবেক শিক্ষার্থী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পিআইবির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় তিনি পিআইবি প্রাঙ্গণে একটি আধুনিক ও মানসম্মত ক্যান্টিন স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি পিআইবি জার্নালিজম এলামনাই অ্যাসোসিয়েশনকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি পিবজার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং প্রয়াত সদস্যদের পরিবার ও আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের সহায়তার বিষয়ে পিআইবি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবজার সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার রবিন।
এসময় সংগঠনের উপদেষ্টা মো. নেসারুদ্দিন মিঞা ও মো. ইব্রাহিম রাজুসহ পিবজার কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং পিআইবির সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতার আয়োজনের জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি এবং সদস্য সচিব মাহমুদ সোহেলসহ কমিটির সদস্যরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বক্তারা বলেন, পিআইবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এলামনাই কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।