বর্ষবরণে ইলিশের বাজারে আগুন, মণপ্রতি দাম ছাড়ালো ৩ লাখ টাকা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

পহেলা বৈশাখকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশ মাছের দামে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেখা গেছে। চাহিদা বাড়তি ও সরবরাহ কম থাকায় প্রতি মণ ইলিশের দাম ৩ লাখ টাকার গণ্ডি পেরিয়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে এবং এর আগের দিন রোববার বিকেল থেকেই মেঘনা নদীসংলগ্ন মাছের আড়তগুলোতে ইলিশের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। এক কেজির বেশি ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে প্রায় ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়। সে হিসাবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে প্রায় ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকা।

অন্যদিকে ছোট আকারের (৪০০–৬০০ গ্রাম) ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, যা মণপ্রতি প্রায় ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকার মধ্যে।

স্থানীয় ক্রেতাদের মতে, বাংলা নববর্ষে ইলিশ খাওয়ার ঐতিহ্য থাকায় বেশি দাম হলেও অনেকেই কিনতে বাধ্য হচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, এ সময়ে চাহিদা বাড়লেও সরবরাহ তুলনামূলক কম। মেঘনা নদীতে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা এর অন্যতম কারণ। যদিও কিছু জেলে গোপনে মাছ ধরছেন এবং সাগর থেকেও কিছু ইলিশ আনা হচ্ছে।

আড়তদারদের দাবি, বড় আকারের বেশিরভাগ ইলিশ ঢাকা, নারায়ণগঞ্জ ও দাউদকান্দির পাইকাররা বেশি দামে কিনে নিয়ে যাওয়ায় স্থানীয় বাজারে সংকট আরও বেড়েছে, ফলে দামও বাড়ছে।

মতলবের বিভিন্ন মাছের আড়ত, বিশেষ করে ষাটনল বাবুর বাজারে পাইকার ও খুচরা ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।

আড়ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছর বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম বাড়ে, তবে এবারের বৃদ্ধি তুলনামূলক বেশি। তাদের আশা, নববর্ষের পর বাজার কিছুটা স্বাভাবিক হতে পারে।

এই বিভাগের আরো খবর