সময়ের চিত্র ডেস্ক:
আসন্ন আলোচনা শুরুর আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে বিভিন্ন দেশে আটকে থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১১ এপ্রিল) এক ইরানি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্স-কে এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপকে আলোচনার আগে ওয়াশিংটনের সদিচ্ছার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা সংলাপের প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বও নির্দেশ করে।
ওই কর্মকর্তা আরও বলেন, জব্দ সম্পদ ছাড়ের বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী এ নৌ চলাচলের নিরাপত্তার সঙ্গে যুক্ত। ইরান যদি সেখানে বাধাহীন জাহাজ চলাচল নিশ্চিত করে, তবে যুক্তরাষ্ট্রও তাদের আটকে রাখা সম্পদ ছাড়তে প্রস্তুত।
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শর্ত দেন—লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ এবং ইরানের জব্দ সম্পদ মুক্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না।
মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল ও অন্যান্য পণ্য রপ্তানির বিপুল অর্থ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে প্রায় ৪০ দিন সংঘাত চলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।
সূত্র: রয়টার্স