সময়ের চিত্র ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় দেশের শিক্ষা কার্যক্রমে আনা হচ্ছে নতুন ব্যবস্থা। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
যদিও এখনো এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি, তবে শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি হতে পারে বলে জানা গেছে।
কীভাবে চলবে ক্লাস
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন পাঠদান কার্যক্রম চলবে। এর মধ্যে—
৩ দিন অনলাইনে
৩ দিন সরাসরি শ্রেণিকক্ষে
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জোড় ও বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। শিক্ষকরা নির্ধারিত দিনগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন, আর শিক্ষার্থীরা নির্দিষ্ট দিনে অনলাইনে ক্লাসে অংশ নেবে।
মন্ত্রণালয়ের বক্তব্য
এ বিষয়ে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত এই ব্যবস্থা সেই পরিকল্পনারই অংশ।
যা বলছেন সংশ্লিষ্টরা
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সাশ্রয় যেমন সম্ভব হবে, তেমনি শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতাও বজায় থাকবে।