সময়ের চিত্র রিপোর্ট:
দেশে বিশৃঙ্খল জনআচরণ, গণপিটুনি বা তথাকথিত ‘মব কালচার’ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, অরাজকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় সাম্প্রতিক সময়ে দেশে ‘মব কালচার’-এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গত কিছু সময় ধরে এ ধরনের সহিংসতায় উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে তিনি নিজেও একটি ঘটনায় ভুক্তভোগী হওয়ার কথা তুলে ধরে, এ প্রবণতা রোধে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে—দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, অন্তর্বর্তী সময়কালে যেসব সড়ক অবরোধ বা বিশৃঙ্খল কর্মসূচির প্রবণতা দেখা গিয়েছিল, সেগুলো ভবিষ্যতে আর সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে ‘মব’ হিসেবে দেখলে বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কোনো স্থাপনা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা, ভাঙচুর বা সংঘবদ্ধ সহিংসতা সংঘটিত হলে তা সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা অবশ্যই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে উপস্থাপন করতে হবে। স্মারকলিপি, সভা-সেমিনার, কিংবা নিয়মতান্ত্রিক সমাবেশের মাধ্যমে মত প্রকাশের সুযোগ সবার রয়েছে।
তিনি আশ্বস্ত করে বলেন, সরকার বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংগঠনের স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সহিংসতা বা জনচাপ তৈরি করে দাবি আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।