সময়ের চিত্র ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিটের উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে কয়েকটি জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। পরে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি অবমুক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাধারণত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তবে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি থাকায় এ সপ্তাহের বৈঠক একদিন এগিয়ে বুধবারে আয়োজন করা হয়েছে।
এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।