কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ জন

সময়ের চিত্র ডেস্ক:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোমল পানীয়ের বোতলের ক্যাপ ছোড়াকে ঘিরে শুরু হওয়া বিরোধ এক পর্যায়ে রূপ নেয় গোলাগুলিতে, এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের জামে মসজিদ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি ও আলম গুলিবিদ্ধ হন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে রাব্বি, জনি ও সারুপকে দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের অবস্থাও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর