দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির

চেয়ারম্যান তারেক রহমান

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা কমানোর পাশাপাশি জলবায়ু সহনশীলতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বলরামপুর এলাকার প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে সৈয়দ পুর বিমান বন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচিরও সূচনা করেন।

কর্মসূচি শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে গিয়ে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করার কথা রয়েছে।

তার আগমনকে কেন্দ্র করে দিনাজপুর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর