শিলাবৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন স্থানে নিহত ৩

সময়ের চিত্র ডেস্ক:

দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া এ বৈরী আবহাওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে আসে।

রাজধানীর বাংলামোটর, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক জায়গায় ঝড়ের তীব্রতায় গাছপালা ভেঙে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে—প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ঝড় ও বজ্রপাতের ঘটনায় ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া নেত্রকোণায় বজ্রপাতে আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই বিভাগের আরো খবর