সময়ের চিত্র ডেস্ক:
নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদার করতে প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। পাইলট কর্মসূচির আওতায় এসব পরিবারকে মাসিক আর্থিক সহায়তাও প্রদান করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, পরিবারে নারীর নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে তার নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের মোট ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, উপকারভোগী নির্বাচন পুরোপুরি সফটওয়্যারভিত্তিক ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতিতে করা হয়েছে। ফলে এতে দুর্নীতি, স্বজনপ্রীতি বা কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।
ফ্যামিলি কার্ড হবে আধুনিক স্মার্ট কার্ড, যাতে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তিসহ স্পর্শবিহীন (কন্ট্যাক্টলেস) চিপ থাকবে। প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশি হলে প্রয়োজনে একাধিক কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
পাইলট পর্যায়ে নির্বাচিত প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পরবর্তী সময়ে সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
তবে কোনো পরিবারের সদস্য যদি সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরি করে বেতন-ভাতা বা পেনশন পান, কিংবা নারী পরিবারপ্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হন—সে পরিবার এ ভাতার জন্য যোগ্য বিবেচিত হবে না।
মন্ত্রী আরও জানান, পাইলট কর্মসূচি বাস্তবায়নের জন্য জুন ২০২৬ পর্যন্ত মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ কোটি ১৫ লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে এবং বাকি অর্থ তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম উন্নয়ন ও কার্ড প্রস্তুতিসহ অন্যান্য কাজে ব্যয় হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের গাইডলাইনও ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।