সময়ের চিত্র ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের একটি গুদামে হামলার পর শহরের আকাশে ঘন কালো ধোঁয়া ও মেঘ দেখা গেছে। এর প্রভাবেই অনেক স্থানে বৃষ্টির পানি কালচে রঙ ধারণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার (৮ মার্চ) সকালে তেহরানের বাসিন্দারা ঘুম থেকে উঠে এমন অস্বাভাবিক বৃষ্টিপাত লক্ষ্য করেন। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তেল বা ধোঁয়ার কণার মতো পদার্থ মিশে থাকার বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় তেহরানের কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়। এসব স্থাপনা থেকে সামরিক ও বেসামরিক বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো।
হামলার পর ওইসব স্থাপনায় আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাতাসে তেলজাতীয় কণা মিশে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কণা বৃষ্টির সঙ্গে মিশে পড়লে পানির রঙ কালচে হয়ে যেতে পারে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।