জামায়াত এখন পরিশুদ্ধ, সুশাসনের লক্ষ্যেই ঐক্য: কর্নেল (অব.) অলি আহমদ

সময়ের চিত্র রিপোর্ট:

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, জামায়াতে ইসলামী বর্তমানে একটি পরিশুদ্ধ রাজনৈতিক দল। তার মতে, দলটি পরিশুদ্ধ না হলে মুক্তিযোদ্ধা ও বীরবিক্রমরা তাদের সঙ্গে একই কাতারে দাঁড়াতেন না।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখা তরুণদের একটি বড় অংশ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিল। মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের আন্দোলনের শক্তি এখন সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক জায়গায় মিলিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি বলেন, “আমি একসময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর তরুণরা দ্বিতীয়বার দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। আমাদের লক্ষ্য অভিন্ন—দেশে সুশাসন নিশ্চিত করা।”

তিনি স্পষ্ট করে জানান, এলডিপি ও জামায়াতের মধ্যে কোনো সাংগঠনিক একীভূতকরণ হয়নি। দুই দল আলাদাভাবে তাদের রাজনৈতিক পরিচয় বজায় রেখেই কাজ করছে। তিনি বলেন, এলডিপির প্রতীক ছাতা, জামায়াতের প্রতীক দাড়িপাল্লা—এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

রাজনৈতিক সমঝোতার বিষয়ে অলি আহমদ জানান, বাস্তবতার নিরিখে আসনভিত্তিক সমঝোতা হয়েছে। যেখানে এলডিপি প্রার্থী দেবে, সেখানে জামায়াত প্রার্থী দেবে না এবং জামায়াত যেখানে প্রার্থী দেবে, সেখানে এলডিপি প্রার্থী দেবে না।

দেশ পরিচালনায় বিদেশি প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। ভারতের সঙ্গে বৈরিতা নেই উল্লেখ করে তিনি বলেন, তবে বিদেশে সিদ্ধান্ত নিয়ে দেশে তা বাস্তবায়নের রাজনীতিতে তারা বিশ্বাস করেন না।

তিনি আরও বলেন, “আমরা কারও দালালি করতে চাই না। যারা অর্থ, নারীসহ নানা লোভে পড়ে দেশকে বিক্রি করতে চায়, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।”

ভারতের শীর্ষ নেতৃত্বের নাম উল্লেখ করে অলি আহমদ বলেন, বাংলাদেশ কারও গোলাম হয়ে চলবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই।

উল্লেখ্য, গত রোববার (২৮ ডিসেম্বর) এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দেয়। এর মাধ্যমে জোটটি দশ দলীয় জোটে রূপ নেয়। ওইদিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এই বিভাগের আরো খবর